

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এটা আমাদের সকলের জন্য জানা খুব জরুরী। প্রয়োজন মনে করলে পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।
ফেসবুকে আমরা কখনো মনের ভাব প্রকাশ করার জন্য পোস্ট করি, কখনো ছবি বা ভিডিও শেয়ার করি, কখনো বা অন্য কারও পোস্টে রিয়্যাক্ট বা কমেন্ট করি, কখনো আবার ম্যাসেঞ্জারে তথ্য আদান প্রদান করি, কখনো আবার দলবেঁধে আড্ডা দেই। মাঝে মাঝে দেখা যায় আমাদের পোস্ট রিমুভ করে দেয়া হয়েছে; মাঝে মাঝে দেখা যায় আমরা কোনো পোস্ট করতে পারছি না, কখনো দেখা যায় কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি না, কখনো দেখা যায় কারও পোস্টে কমেন্ট করতে পারছি না, কখনো আবার ম্যাসেজ দিতে পারছি না! কখনো অবাক হয়ে যাই! কখনো দুশ্চিন্তায় পড়ে যাই!! জানতে চেষ্টা করি- কেন এমন হলো? অনেক ক্ষেত্রেই এর কোন সঠিক উত্তর খুঁজে পাই না। এরকম কেন হয়? এর কারণ হচ্ছে ফেসবুক থেকে আমাদের আইডির এক্টিভিটিসকে সীমিত করে দিয়েছে বা আইডিতে রিস্ট্রিকশন দিয়েছে। এই রিস্ট্রিকশনের মেয়াদ হয় কখনো স্বল্পসময়ের জন্য কখনো আবার দীর্ঘ সময়ের জন্য! ফেসবুক এটা কেন করে? এর উত্তর হচ্ছে- আমরা ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড বিরোধী কোন কাজে করে ফেলেছি।
ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড কি? প্রতিদিন বিভিন্ন দেশ এবং সংস্কৃতির ২ বিলিয়নেরও বেশি মানুষ কয়েক ডজন ভাষায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে, ফেসবুক ফ্রেন্ড ও পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে এবং কমিউনিটি তৈরি করতে ফেসবুক ব্যবহার করে থাকে। তাই জনপ্রিয় এই প্লাটফর্মকে সকলের কাছে গ্রহণযোগ্য ও নিরাপদ করে তুলতে ফেসবুক অথরিটি একটি স্ট্যান্ডার্ড বা মানদন্ড তৈরি করেছে, যা কমিউনিটি স্ট্যান্ডার্ড নামে অভিহিত। ফেসবুকে কোনটা অনুমোদিত এবং কোনটা অনুমোদিত নয় ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটির একটি রূপরেখা দেয়। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এর পরিধি ব্যাপক আর সত্যি বলতে কিছুটা জটিল। বোঝার সুবিধার্থে গুরুত্বপূর্ন কিছু বিষয় সহজ ভাবে কয়েক পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ।
❖ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের লক্ষ্য হলো লোকজনের জন্য তাদের মতামত প্রকাশের এবং তা শেয়ার করার একটি জায়গা তৈরি করে দেওয়া। মেটা (Meta) চায় লোকজনের কাছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তারা যেন তা নিয়ে খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন। তা কোনো লিখিত পোস্ট/কমেন্ট, ফটো, মিউজিক বা অন্যান্য শৈল্পিক মাধ্যম যাই হোক না কেন। এমনকি কেউ যদি তাতে দ্বিমত পোষণ করেন অথবা আপত্তিজনক বলে মনে করেন তাও যেন তারা প্রকাশ করতে পারেন। অনেক কন্টেন্ট আমাদের কাছে আপত্তিকর মনে হতে পারে। কিছু ক্ষেত্রে, কনটেন্ট উল্লেখযোগ্য এবং জনস্বার্থে হয়ে থাকলে, ফেসবুক অথরিটি কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও সেই কনটেন্টের অনুমোদন দিয়ে থাকে। সেক্ষেত্রে ফেসবুক অথরিটি ক্ষতি সংক্রান্ত ঝুঁকির পরিপ্রেক্ষিতে জনস্বার্থের মূল্য বিবেচনা করার পরেই তা করে এবং এই রকম বিচার করতে আন্তর্জাতিক মানবাধিকারের স্ট্যান্ডার্ড মেনে চলে। অন্যান্য ক্ষেত্রে, ফেসবুক যখন যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারে যে কোনো কনটেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে গেছে, সেক্ষেত্রে সেই কনটেন্ট সরিয়ে দিতে পারে।
❖ ফেসবুক সব সময় প্রত্যাশা করে মানুষ সঠিক পরিচয় দিয়ে ফেসবুক ব্যবহার করবে। ফেক পরিচয়ে ফেসবুক ব্যবহার করা ফেসবুক অনুমোদন করে না। তাই ফেইক আইডি সনাক্ত করতে পারলে ফেসবুক আইডিকে ব্যান করে দেয়।
❖ দৈনন্দিন জীবনে আমরা যে নামে পরিচিত বা আমাদের আসল নাম বাদ দিয়ে অন্য কোন নামে একাউন্ট করা যাবে না।
❖ একাউন্টে ভুল জন্ম তারিখ দেওয়া যাবে না।
❖ একজন ইউজারের জন্য কখনো একাধিক ফেসবুক একাউন্ট ব্যবহার করা যাবে না।
❖ একাধিক মানুষের প্রতিনিধিত্ব করা বা ব্যবহারের জন্য একটি একাউন্ট তৈরি করা যাবে না।
❖ অন্য কারও নাম, তথ্য বা ছবি ব্যবহার করে একাউন্ট করা যাবে না।
❖ ফেইক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না।
❖ কৃত্রিমভাবে লাইক ফলোয়ার বাড়ানো বা বাড়ানোর চেষ্টা করা যাবে না।
❖ কৃত্রিমভাবে কনটেন্টের জনপ্রিয়তা বাড়ানো বা বাড়ানোর চেষ্টা করা যাবে না।
❖ ফেসবুক কাউকে হয়রানি করার জন্য রিপোর্টিং সিস্টেমের অপব্যবহার করা যাবে না।
❖ ফেসবুক সবসময় ইউজারদের ব্যক্তিগত পরিচয় এবং তথ্য রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে এবং কাউকে নিজের বা অন্যের সম্পর্কে ব্যক্তিগত বা গোপনীয় তথ্য পোস্ট করার অনুমতি দেয় না। ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর বা পরিচয়ের ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন সনদ প্রভৃতি ফেসবুকে প্রকাশ করা নিষিদ্ধ। কারও ব্যক্তিগত যোগাযোগের জন্য ফোন নাম্বার বা ইমেইল আইডি বা বাসস্থানের ঠিকানা প্রকাশ করা ফেসবুকে নিষিদ্ধ। কারও ব্যাংকিং বা অন্যান্য আর্থিক তথ্য যেমন ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিং এর তথ্য প্রকাশ করা ফেসবুকে নিষিদ্ধ। কারও চিকিৎসা, মনস্তাত্ত্বিক, বায়োমেট্রিক, বা জেনেটিক বংশগত তথ্য প্রকাশ করাও ফেসবুকে নিষিদ্ধ।
❖ ফেসবুক মেধা সম্পত্তির অধিকার গুরুত্ব সহকারে বিবেচনা করে। ফেসবুকে কেউ কোন কনটেন্ট এবং তথ্য পোস্ট করলে, তার মেধাসত্ত্ব তারই। কারও কন্টেন্ট বা পোস্ট কপি করে পোস্ট করাটা ফেসবুক অনুমোদন করে না। ফেসবুক সবসময় অন্যান্য লোকের কপিরাইট, ট্রেডমার্ক এবং অন্যান্য আইনগত অধিকারকে সম্মান করতে বলে। ব্যক্তি বিশেষ এবং সংগঠণের মেধা সম্পত্তির অধিকার রক্ষা করায় সাহায্য করতে ফেসবুক প্রতিশ্রুতিবদ্ধ। তাই ফেসবুক এমন কনটেন্ট পোস্ট করার অনুমোদন দেয় না যা অন্য কারো কপিরাইট ও ট্রেডমার্ক সহ মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন করে।
❖ প্রতারণামূলক পদ্ধতিতে অন্য কারও একাউন্ট বা পেজের একসেস নেয়া যাবে না।
❖ কারও একাউন্ট বা পেজের একসেস নেয়ার উদ্দেশ্যে ক্ষতিকারক সফ্টওয়্যার বা ওয়েবসাইট বা কোন ফাইল ডাউনলোড করা বা চালানোর জন্য উৎসাহিত করা বা বাধ্য করা যাবে না।
❖ ফিশিংয়ের মাধ্যমে (যেমন লগ-ইন তথ্য নেওয়ার জন্য ফেইক লগ ইন পেজ বা প্রতারক ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করা) বা ক্ষতিকারক সফ্টওয়্যার বা ওয়েবসাইট ব্যবহার করার মতো প্রতারণামূলক পদ্ধতিতে অন্য ইউজারের লগইন সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত তথ্য বা অন্য সংবেদনশীল ডেটা পাওয়া বা সংগ্রহ করার চেষ্টা করা বা তা পাওয়ার অনুরোধ করা যাবে না।
❖ খুব ঘন-ঘন ম্যানুয়ালি বা অটোমেটিক পোস্ট করা, শেয়ার করা, কনটেন্টের সাথে ইন্টার্যাক্ট করা অথবা অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ, ইভেন্ট বা অন্যান্য অ্যাসেট তৈরি করা যাবে না।
❖ ফেসবুকের ব্র্যান্ডেড কনটেন্ট পলিসিতে দেওয়া বর্ণনা অনুসারে স্পষ্টভাবে চিহ্নিত ব্র্যান্ডেড কনটেন্ট ছাড়া সাইটের বিশেষ সুবিধা, এনগেজমেন্ট বা প্রোডাক্ট ফিচার, যেমন অ্যাকাউন্ট, এডমিন রোল, পোস্ট করার অনুমতি, পেজ, গ্রুপ, লাইক ইত্যাদি ক্রয়-বিক্রয় বা বিনিময় করা অথবা তা করার চেষ্টা করা যাবে না।
❖ মিথ্যা অজুহাতে বা প্রলোভন দিয়ে লাইক, শেয়ার, ফলো, ক্লিক বা অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে উৎসাহিত করা যাবে না।
❖ প্রতারণামূলক বা বিভ্রান্তিকর URL প্রচার করা যাবে না।
❖ ঘৃণাপূর্ণ বা নিন্দামূলক বক্তব্য প্রচার করা বা সমর্থন যাবে না।
❖ কাউকে হেয় করার জন্য কোন কীটপতঙ্গ, জীবজন্তু বা রোগজীবাণুর সাথে তুলনা করে কোন পোস্ট বা ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ করা যাবে না। উদাহরণস্বরূপঃ ওই লোকতো কুকুরের চেয়ে অধম!
❖ কোনো ধারণা, ঘটনা বা ঘৃণামূলক অপরাধের শিকার হওয়া ব্যক্তিকে বিদ্রূপ করে কোন পোস্ট করা যাবে না।
❖ কারও ক্ষেত্রে শারিরীক বা মানসিক অক্ষমতা বা নৈতিকতা প্রকাশ পায় এরকম কোন শব্দ ব্যবহার করে কাউকে টার্গেট করে পোস্ট করা যাবে না। যেমন- কানা, ল্যাংড়া, পাগল, বোকা, অশিক্ষিত, কাপুরুষ, মিথ্যুক প্রভৃতি।
❖ গাল-মন্দ করে কোন পোস্ট দেয়া যাবে না। অপমান করার বা হেয় করার উদ্দেশ্য কোন অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করা যাবে না। উদাহরণস্বরূপঃ অপদার্থ, নিষ্কর্মা, বোকাচোদা, খানকি, কুত্তা, মাদারচোদ, গু খা প্রভৃতি।
❖ চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনো কারণে মানুষের বা মৃতদেহের ভিডিও যদি শরীর থেকে কোনও অঙ্গ আলাদা করে দেওয়া হয়- এরকম ভিডিও দেয়া যাবে না।
❖ চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনো কারণে দেহের ভিতরের অঙ্গ দেখানো; আংশিক পচে যাওয়া শরীরের ভিডিও দেয়া যাবে না।
❖ অগ্নিদগ্ধ বা জ্বলন্ত লোকজনের ভিডিও দেয়া যাবে না।
❖ নরমাংস ভক্ষণের ভিডিও দেয়া যাবে না।
❖ গলা কাটা দেহের ভিডিও দেয়া যাবে না।
❖ কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের লাইভ স্ট্রীম করা যাবে না।
❖ যৌন কার্যকলাপের ইচ্ছা প্রকাশ করার, যৌন শিক্ষা প্রচার করার, যৌন আচরণ বা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার বা যৌন কৌশল শেখায় বা যৌন সম্পর্কে আলোচনা করে এমন ক্লাস বা প্রোগ্রাম অফার করার অনুমোদন আছে।
❖ অর্থের বিনিময়ে যৌন কার্যকলাপের অফার দেয়া বা এরকম সেবা নিতে চাওয়ার কোন পোস্ট দেয়া যাবে না।
❖ অর্থের বিনিময়ে যৌনতা বিষয়ক চ্যাট বা কথোপকথন এর অফার দেয়া বা এরকম সেবা নিতে চাওয়ার কোন পোস্ট দেয়া যাবে না।
❖ নগ্ন ছবি/ভিডিও বা কামোত্তেজক কোন বস্তুর ছবি/ভিডিওপোস্ট করা যাবে না।
❖ সুস্পষ্টভাবে যৌনাঙ্গ দেখা যাচ্ছে, এরকম কোন নগ্ন ছবি পোস্ট করা যাবে না।
❖ এরকম কোন নগ্ন ছবি পোস্ট করা যাবে না যেটাতে মলদ্বার এবং/অথবা নিতম্বের সম্পূর্ণ নগ্ন ক্লোজ-আপ ছবি দেখা যায়।
❖ মহিলাদের উন্মুক্ত স্তনবৃন্ত দেখা যাচ্ছে এরকম কোন ছবি দেয়া যাবে না।
❖ যৌন কার্যকলাপের ছবি/ভিডিও দেয়া যাবে না।
❖ যৌন মিলন ক্রিয়া (যৌন সঙ্গম, স্বমৈথুন বা বস্তুকন্দ্রিক যৌনতা) বর্ণনা করে কোন পোস্ট দেয়া যাবে না।
❖ যৌন কার্যকলাপের ফলে নিষ্কৃত শারীরিক পদার্থ বা বীর্যের ছবি দেয়া যাবে না।
❖ সেক্স টয় মুখে নিয়ে কোন ছবি দেয়া যাবে না।
❖ এরকম কোন ছবি পোস্ট করা যাবে না যেটাতে নারীর স্তনে চাপ দেওয়া অথবা হাত মুঠো করে স্তনে চাপ দেওয়ার ফলে আঙুলের ছাপ এবং স্তনের আকার পরিবর্তন হওয়ার ছবি দেখায়।
❖ শিশুদের যৌন শোষণ সংক্রান্ত বা তাদের বিপন্ন করে, এমন কনটেন্ট বা অ্যাক্টিভিটি ফেসবুকে নিষিদ্ধ।
❖ শিশুদের নগ্ন ছবি পোস্ট করা যাবে না।
❖ যৌন হিংসা, যৌন হামলা বা যৌন শোষণের সমর্থন করে, হুমকি দেয় বা বর্ণনা করে, এমন কনটেন্ট ফেসবুকে নিষিদ্ধ।
❖ এরকম কোন পোস্ট করা যাবে না যেখানে কোনো ধরনের অসম্মতিসূচক যৌন স্পর্শ, নেক্রোফিলিয়া বা জোর করে নগ্ন করার মতো কনটেন্ট থাকে।
❖ গোপনে কারও অন্তরঙ্গ ছবি/ভিডিও তুলে তা প্রকাশ করা যাবে না।
❖ মানব পাচার বা মানব শোষণ বিষয়ক কোন কন্টেন্ট পোস্ট করা যাবে না। উদাহরণস্বরূপঃ যৌনকাজের জন্য নারীদের পাচার করা, অনাথ আশ্রম থেকে শিশু পাচার, শিশু বিক্রি করা বা অবৈধভাবে দত্তক নেওয়া, জোর করে বিয়ে দেওয়া, জোর করে অপরাধমূলক কাজ করানো (যেমন জোরপূর্বক ভিক্ষা করা, জোর করে মাদক পাচার করানো), শিশু সৈনিক নিয়োগ।
❖ আত্মহত্যার চেষ্টা করছে, এরকম কোন কন্টেন্ট দেয়া যাবে না।
❖ নিজেকে আঘাত করার পুঙ্খানুপুঙ্খ ছবি আছে, এমন কনটেন্ট দেয়া যাবে না।
❖ আত্মহত্যার চেষ্টা করেছেন বা আত্মহত্যা করেছেন, এমন ব্যক্তির ছবি থাকা কনটেন্ট পোস্ট করা যাবে না।
❖ খাওয়াদাওয়ার অনিয়ম সংক্রান্ত ব্যাধির সাথে সম্পর্কিত শব্দ থাকার পাশাপাশি পাঁজর, কণ্ঠ অস্থি, উরুর ফাঁক, নিতম্ব, ঢুকে যাওয়া পেট বা জীর্ণ শরীরে বেরিয়ে থাকা মেরুদণ্ড বা কাঁধের হাড় দেখানো কনটেন্ট দেয়া যাবে না।
❖ খাওয়ার অনিয়ম সংক্রান্ত ব্যাধির সাথে সম্পর্কিত শব্দের পাশাপাশি কম সময়ে অস্বাস্থ্যকর উপায়ে খুব বেশি ওজন কমানোর জন্য নির্দেশাবলী থাকা কনটেন্ট দেয়া যাবে না।
❖ এমন কনটেন্ট যা আত্মহত্যার প্রচেষ্টা, নিজেকে আঘাত করা বা খাওয়ার অনিয়ম সংক্রান্ত ব্যাধির পরে বেঁচে যাওয়া সেই সব মানুষকে বিদ্রূপ করে কোন পোস্ট দেয়া যাবে না।
❖ এমন কোন গুজব ছড়ানো যাবে না যার কারণে মানুষের মৃত্যু বা শারিরীক ক্ষতির সম্ভাবনা তৈরি হয় বা সহিংসতার সম্ভাবনা তৈরি হয়। ফেসবুক এমন গুজবগুলোকে রিমুভ করে দেয় যেগুলো আসন্ন সহিংসতা বা মানুষের মৃত্যুর ঝুঁকি বা মানুষের শারীরিক ক্ষতির সম্ভাবনা তৈরি করে। যেমনঃ বাংলাদেশে একসময়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে চাঁদে দেখা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে ব্যাপক সহিংসতা হয়। আবার পার্শ্ববর্তী দেশ ভারতের মনিপুরে গুজব ছড়িয়ে আর ভুয়া ভিডিও ছড়িয়ে কুকি মহিলাদের উপর ব্যাপক সহিংসতা চালানো হয়। এ ধরনের গুজব ছড়ানো কন্টেন্ট ফেসবুক কখনো নিজ উদ্যোগে কখনো বা কারও রিপোর্টের ভিত্তিতে রিমুভ করে দেয়।
❖ এমন কোন গুজব ছড়ানো যাবে না যা জনস্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য হুমতি তৈরি করে।
❖ টিকা সম্বন্ধীয় যেকোন গুজব ছড়ানো ফেসবুকে নিষিদ্ধ। টিকা নিয়ে অনেক কথা সমাজে প্রচলিত আছে। যেমনঃ শিশুদের পোলিও টিকা দিলে ভবিষ্যতে তাদের মধ্যে বন্ধ্যাত্ব চলে আসতে পারে, করোনার টিকা নিলে মেয়েদের প্রজনন ক্ষমতা নষ্ট হতে পারে, টীকার মধ্যে ক্যান্সারের জীবাণু দেয়া থাকে প্রভৃতি। টিকা নিয়ে এ ধরনের গুজবের ছড়ানো কন্টেন্ট ফেসবুক রিমুভ করে দেয়।
❖ জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থায় কোন গুজব ছড়ানো ফেসবুকে নিষিদ্ধ। উদাহরণস্বরূপঃ করোনাকালে বেশ কিছু গুজব ছড়ানো হয়। যেমন- নামাজ পড়লে করোন হয় না, রসুন ও তিলে কমে করোনা ভাইরাস, মাউথ ওয়াশ করোনা ভাইরাস থেকে রক্ষা করে প্রভৃতি।
❖ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ক্ষতিকারক অলৌকিকভাবে সুস্থ করার প্রচার বা তার পরামর্শ দেওয়া ফেসবুক অনুমোদন করে না। তাছাড়া এমন সব চিকিৎসা পদ্ধতির প্রচার বা পরামর্শ দেওয়াও নিষিদ্ধ যার কোন বৈধ ব্যবহার নেই বা যার মাধ্যমে গুরুতর আঘাত বা মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়।
❖ নির্বাচনকেন্দ্রিক যেকোন গুজব ছড়ানো ফেসবুকে নিষিদ্ধ।
❖ গুজব ছড়ানোর উদ্দেশ্যে যেকোন অডিও, ফটো বা ভিডিও এডিট করে প্রচার করা ফেসবুকে নিষিদ্ধ।
❖ ফেসবুকের দৃষ্টিতে মর্যাদা এবং অধিকারের দিক থেকে সব লোকজনই সমান। তাই ফেসবুক প্রত্যাশা করে যে লোকজন অন্যের মর্যাদাকে সম্মান করবে এবং অন্যদের হয়রান বা মর্যাদাহানি করবে না। অন্যের মর্যাদাহানি হতে পারে, এমন সব কনটেন্ট ফেসবুক রিমুভ করে দেয়। তাই কাউকে হেয় করে কোন পোস্ট করা যাবে না।
❖ ফেসবুক সবসময় মানুষের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তাই লোকজনকে হুমকি দেওয়া বা ভয় ভীতি প্রদর্শন করার মতো কন্টেন্ট ফেসবুকে অনুমোদিত নয়। লোকজনের বাস্তবিক নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, এমন সব কনটেন্ট ফেসবুক রিমুভ করে দেয়। তাই হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন করে কোন পোস্ট দেয়া বা শেয়ার করা যাবে না।
❖ হিংস্রতা ও উস্কানিমূলক পোস্ট করা যাবে না। লোকজনের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে বা গুরুতর ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে- এরকম কোন পোস্ট করা যাবে না। হিংসাত্মক ও অপরাধমূলক কোন কাজের জন্য উৎসাহ দিয়ে বা এ ধরনের কাজের সমর্থনে কোন পোস্ট করা যাবে না। শুধু পোস্টই নয়, শেয়ার করাও যাবে না।
❖ হিংসাত্মক লক্ষ্য প্রচার করা বা সহিংসতায় যুক্ত থাকা কোনো সংগঠন বা ব্যক্তিকে ফেসবুক কখনো একাউন্ট করার অনুমতি দেয় না। হিংসাত্মক ও অপরাধমূলক কাজের প্রতি আহ্বান জানিয়ে বা এ ধরনের কাজ করার জন্য আদেশ বা অনুরোধ জানিয়ে বা এ ধরনের কাজ করতে চাওয়ার আগ্রহ প্রকাশ করে কোন পোস্ট দেয়া যাবে না। এ জাতীয় কোন পোস্ট শেয়ার করাও যাবে না।
❖ কাউকে টার্গেট করে কিডন্যাপ বা অপহরণ করার আকাঙ্খা বা হুমকি দিয়ে বা এধরনের কাজের সমর্থনে বা এ ধরনের কাজের দায়স্বীকার করে কোন পোস্ট দেয়া যাবে না।
❖ কিডন্যাপ বা অপহরণের মত অপরাধের বর্ণনা দিয়ে কোন পোস্ট দেয়া যাবে না। তবে এরকম কোন ঘটনায় পীড়িত বা তার পরিবারের সদস্যরা সাহায্যের আবেদন জানিয়ে পোস্ট করলে, সেটার অনুমোদন আছে। এমনকি এবিষয়ে তথ্যমূলক, নিন্দমূলক ও সচেতনামূলক কন্টেন্টেরও অনুমোদন রয়েছে।
❖ ভীতির উদ্দেশ্যে অস্ত্রপ্রদর্শন করা, অস্ত্র ব্যবহার করে অঙ্গচ্ছেদ করা ছবি বা ভিডিও প্রদর্শন করা বা অস্ত্রের ব্যবহার দেখানো, কাউকে অস্ত্র ব্যবহারে আহ্বান জানিয়ে কোন পোস্ট করা যাবে না।
❖ নির্বাচনকে কেন্দ্র করে ভোটার রেজিস্ট্রেশন, ভোটদান, ভোটকেন্দ্র, ফলাফল বা নির্বাচনের সাথে সম্পর্কিত কোন বিষয়ে এরকম কোন পোস্ট দেয়া বা শেয়ার করা যাবে না, যা সহিংসতার কারন হতে পারে। নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেয়া বা তাদের কাজের সমালোচনা করে করে এমন কোন পোস্ট দেয়া যাবে না যা সহিংসতার কারন হতে পাবে বা যার দরুন মানুষের শারিরীক ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
❖ মসজিদ, মন্দির, গীর্জা বা এ জাতীয কোন উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ভোটকেন্দ্র বা ভোট গণনা অথবা নির্বাচন পরিচালনার জন্য ব্যবহৃত জায়গা সহ অন্যান্য জায়গায় অস্ত্র আনার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক বা সমর্থনমূলক অন্তর্নিহিত বিবৃতি দেওয়া বা এমন কাজ করার জন্য উৎসাহ দিয়ে কোন পোস্ট করা যাবে না।
❖ আইন প্রয়োগকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে হিংসামূলক হুমকি দিয়ে কোন পোস্ট করা যাবে না।
❖ কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে হিংসামূলক হুমকি দিয়ে কোন পোস্ট করা যাবে না।
❖ হিংস্রতা সংক্রান্ত ঐতিহাসিক বা কাল্পনিক ঘটনার উল্লেখ করে কোন পোস্ট দেয়া যাবে না।
❖ নরহত্যা, মাদকদ্রব্য পাচার বা অপহরণের মতো অপরাধমূলক কার্যকলাপ করেছে বা করবে বলে হুমকি দেয়- এরকম অপরাধমূলক সংগঠণের প্রচার, প্রশংসা বা সমর্থন করে কোন পোস্ট দেয়া যাবে না।
❖ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক বিশেষভাবে নির্দিষ্ট করা মাদকদ্রব্য পাচারের কিংপিন (SDNTK) তালিকাভুক্ত ব্যক্তি বা সংগঠণ (যেমনঃ মেক্সিকোর ALVAREZ TOSTADO, মায়ানমারেরর Ping Yun CHANG, ইসরায়েলের Joseph GILBOA প্রমুখ) এর কোন কর্মকান্ড প্রচার করার উদ্দেশ্যে বা তাদের পক্ষে বা সমর্থনে কোন পোস্ট করা যাবে না।
❖ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক বিশেষভাবে নির্দিষ্ট করা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠণ (FTO) হিসেবে চিহ্নিত তালিকাভুক্ত ব্যক্তি বা সংগঠণ (যেমনঃ ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, আয়ারল্যান্ডের Continuity Irish Republican Army (CIRA) প্রভৃতি) এর কোন কর্মকান্ড প্রচার করার উদ্দেশ্যে বা তাদের পক্ষে বা সমর্থনে কোন পোস্ট করা যাবে না।
❖ রাষ্ট্র বা সৈন্যবাহিনীর বিরুদ্ধে হিংসাশ্রয়ী কাজ করে কিন্তু সাধারণত নাগরিকদের টার্গেট করে না (যেমনঃ মায়ানমারের আরাকান আর্মি)- এরকম সংগঠণের কোন কর্মকান্ড প্রচার করার উদ্দেশ্যে বা তাদের পক্ষে বা সমর্থনে কোন পোস্ট করা যাবে না।
❖ উগ্র সামাজিক আন্দোলন, হিংসা উদ্রেককারী ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক এবং ঘৃণা ছড়ানোর কারণে নিষিদ্ধ হয়েছে এমন ব্যক্তিবর্গ ও গ্রুপ- এর কোন কর্মকান্ড প্রচার করার উদ্দেশ্যে বা তাদের পক্ষে বা সমর্থনে কোন পোস্ট করা যাবে না।
❖ বিভিন্ন বিপজ্জনক সংগঠন ও লোক সম্পর্কে প্রশংসা, ইতিবাচক সমর্থন ও প্রতিনিধিত্ব করার বিষয়ে কোন পোস্ট করা যাবে না। উদাহরণস্বরূপঃ “ইসলামিক রাষ্ট্রের জন্য যারা লড়ছেন তারা সত্যই সাহসী!” বা “টিমোথি ম্যাকভেই একজন শহীদ।” বা “হিটলার কোনো ভুল করেননি” বা “আমি ব্র্যান্টন ট্যারান্টের সঙ্গে আছি” – এরকম বিবৃতি দিয়ে কোন পোস্ট করা যাবে না।
❖ নাৎসিবাদ এবং শ্বেতাঙ্গ প্রভুত্বের মতো মতবাদ যা ঘৃণার প্রচার করে তার প্রশংসা, ইতিবাচক সমর্থন বা প্রতিনিধিত্ব করে, এমন কোন পোস্ট করা যাবে না।
❖ নিষিদ্ধ কোন সংগঠনের মনোনীত প্রতিনিধি হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে কোন বিবৃতি দেয়া যাবে না।
❖ সন্ত্রাসবাদী সংগঠন এবং লোকজন, যাদেরকে রাষ্ট্র বিরোধী হিংসাত্মক কাজে নিযুক্ত ব্যক্তি বা সংগঠন হিসাবে চিহ্নিত করা হয়- তাদের এক্টিভিটিস ফেসবুকে নিষিদ্ধ। তাই তাদের প্রচার, প্রশংসা বা সমর্থনে কোন পোস্ট দেয়া যাবে না।
❖ জঙ্গীবাদ এবং হিংসায় উস্কানি দেওয়া ষড়যন্ত্রকারী নেটওয়ার্ক কতৃক বা তাদের তরফ থেকে চালানোর দাবি করা সমস্ত পেজ, কমিউনিটি, ইভেন্ট এবং প্রোফাইল বা ফেসবুকে থাকা অন্য সত্তাগুলো ফেসবুকে নিষিদ্ধ।
❖ প্রতিবাদের অংশ হিসাবে হিংসাত্মক কাজের সমর্থক কমিউনিটির প্রচার, প্রশংসা বা সমর্থনে কোন পোস্ট দেয়া যাবে না। অর্থাৎ অসামরিক বা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে রাস্তা ঘাটে হিংসাত্মক কাজকর্ম করা; বা অগ্নি সংযোগ, লুঠ-পাট বা অন্যান্য উপায়ে সম্পত্তি ধ্বংস করা অথবা কোনো নির্বাচনী প্রক্রিয়াকে হিংসার মাধ্যমে বিঘ্নিত করার হুমকি দেওয়া- এ ধরনের কোন কাজের সাথে সম্পৃক্ত কোন বিষয়ে পোস্ট করা যাবে না।
❖ মিলিশিয়া কমিউনিটির প্রচার, প্রশংসা বা সমর্থনে কোন পোস্ট দেয়া যাবে না। ফেসবুকের দৃষ্টিকোণ থেকে মিলিশিয়া কমিউনিটি হচ্ছে- রাষ্ট্র বহির্ভূত দল বা ব্যক্তি যারা বেসরকারি সৈন্য বা সুরক্ষা দল হিসাবে গঠিত এবং যারা হিংসা বা গৃহযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সমন্বয় সাধন করে এবং তাদের প্রশিক্ষণ, যোগাযোগ বা উপস্থিতির অংশ হিসাবে অস্ত্র ব্যবহার করে এবং যুদ্ধ করার জন্য অস্ত্র ব্যবহারের কায়দা সম্পর্কে তথ্য বিতরণ করে বা বর্তমান বা ভবিষ্যতের অভ্যন্তরীণ লড়াই বা গৃহ যুদ্ধের জন্য জঙ্গী কৌশলের সমন্বয় করে।
সহজভাবে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড এর মূল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। সময়ের সাথে সাথে নতুন অনেক কিছু এড হতে পারে, বা বাদ পড়তে পারে। এজন্য সবাই সব সময় ফেসবুকের ওয়েবসাইটে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।।

