

ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানে চাকরি না করে মুক্তভাবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে কাজ করে আয় করা যায়। এখানে ধরা বাধা কোনো অফিস টাইম নেই, আর অফিসে যাওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। ফ্রিল্যান্সারদের কাজের নির্দিষ্ট কোন স্থান নেই। ঘরে বসেই কাজ করা যায়। ফ্রিল্যান্সিং এর জন্য সময়ও নির্ধারিত নেই। নিজের সুবিধামত সময়ে কাজ করা যায়। ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ শুধুমাত্র নিজ এলাকা বা দেশে সীমাবদ্ধ নয়। বিশ্বায়নের এই যুগে ইন্টারনেটের ব্যবহার, প্রচার ও প্রসারের কারণে ঘরে বসেই অনলাইন মার্কেটপ্লেসের (Marketplace) মাধ্যমে বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে। একারণেই বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ লোক এ পেশায় নিয়োজিত হয়ে সুন্দর ক্যারিয়ার গঠণ করছে।
ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশোনা জানা কতটুকু জরুরি?
ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশোনা খুব একটা ভূমিকা রাখে না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের স্কিল বা দক্ষতাকেই বেশি গুরুত্ব দেয়া হয়। আপনি কতটুকু পড়াশোনা করেছেন, সেটা বড় বিষয় নয়; বড় বিষয় হচ্ছে আপনি কাজে কতটুকু দক্ষ। বায়ার কাজ দেয়ার সময় কখনো পড়াশোনা দেখবে না, শুধুমাত্র কাজের দক্ষতা, অভিজ্ঞতা আর রেটিং দেখবে। ফ্রিল্যান্সিং এ কাজের দক্ষতার পাশাপাশি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ এর দক্ষতা। আপনাকে বায়ারের রিকোয়ারমেন্ট বুঝতে হবে, তার সাথে চ্যাট করতে হবে, প্রয়োজনে অডিও বা ভিডিও কলে মিটিং করতে হবে। আর অধিকাংশ বায়ারই কথা বলবে ইংরেজিতে। তাই আপনারও ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকতে হবে।



